৫ সেপ্টেম্বর ২০১৩ - ০৩:৫৩
'নির্দেশ পেলে ইরানি নৌবাহিনী সব সাগরেই থাকবে'

ইরানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল গোলাম রেজা খাদেম বিগাম বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের প্রধান নির্দেশ দিলে ইরানি নৌবাহিনী ভূমধ্যসাগরসহ অন্য সব সাগরে ও প্রণালীতে উপস্থিত হবে।

বার্তা সংস্থা আবনা : ইরানের নৌবাহিনীর উপপ্রধান অ্যাডমিরাল গোলাম রেজা খাদেম বিগাম বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের প্রধান নির্দেশ দিলে ইরানি নৌবাহিনী ভূমধ্যসাগরসহ অন্য সব সাগরে ও প্রণালীতে উপস্থিত হবে।

সিরিয়া ইস্যু নিয়ে ভূমধ্যসাগরে মার্কিন ও রুশ রণতরীগুলোর উপস্থিতি জোরদারের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন।

চিফস অফ স্টাফের অনুমতি-সাপেক্ষে ইরানি নৌবাহিনীর এ ধরনের কর্মসূচি রয়েছে বলে অ্যাডমিরাল গোলাম রেজা খাদেম বিগাম জানান।

তিনি আজ (বুধবার) ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত নওশাহরে আধুনিক নৌ-প্রযুক্তি বিষয়ক জাতীয় সেমিনারের দ্বিতীয় ও শেষ দিনের অবকাশে এই মন্তব্য করেছেন।

অ্যাডমিরাল বিগাম বলেছেন, মুক্ত সাগরে উপস্থিত থাকার অধিকার সব দেশেরই রয়েছে এবং এ ধরনের উপস্থিতি দেশগুলোর সামরিক শক্তির নিদর্শন ও রাজনৈতিক ক্ষেত্রেও তা প্রভাব রাখতে সক্ষম।

এই সেমিনারে সাগরগুলোতে জলদস্যুদের দমনের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

আজ বিকেলে আধুনিক নৌ-প্রযুক্তি বিষয়ক এই সেমিনার শেষ হয়েছে।